নারী বাস, সাইকেলসেবা, মনোরেল, ঢাকায় গণপরিবহনে আর কী কী নতুন আসছে
রাজধানী ঢাকার গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে আছে স্বল্প মেয়াদে নারীদের জন্য আলাদা বাসসেবা ও বাইসাইকেল রাইড শেয়ারিং, মধ্য মেয়াদে বাসরুট রেশনালাইজেশন, বিদ্যুৎ–চালিত বাস চালু এবং মেট্রোরেলের পাশাপাশি লাইট বা মনোরেল ব্যবস্থা গড়ে তোলা।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দুটি বৈঠক করেছেন। এসব বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কর্মপরিকল্পনাও তৈরি করছে। এর বাইরে সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ৩৮ পৃষ্ঠার একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেছে। এতে আগামী ছয় মাস এবং আগামী অর্থবছরে করণীয় কী, তা উল্লেখ রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে সড়ক ও পরিবহন খাতে কী কী উদ্যোগ নেওয়া হবে, তার বিবরণ আছে।