রাষ্ট্রনায়কদের জন্য গৌতম বুদ্ধের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ
বুদ্ধপূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন। গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে দিনটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর জন্ম, বোধিবৃক্ষের নিচে বোধিলাভ এবং পরিনির্বাণ বা চূড়ান্ত মুক্তি—এই তিন ঘটনাই একত্রে একজন মানুষের সাধারণ জীবন থেকে জাগরণ ও মুক্তির পূর্ণ আধ্যাত্মিক যাত্রাকে প্রতিফলিত করে।
বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দিনটি গভীর শ্রদ্ধা ও আত্মোপলব্ধির মাধ্যমে পালিত হয়। প্যাগোডা ও উপাসনালয়গুলো ভরে ওঠে উপাসকদের উপস্থিতিতে। ফুল, প্রদীপ ও ধূপ নিবেদন করে তাঁরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক ভক্ত উপবাস পালন করেন, ধ্যানচর্চায় অংশ নেন এবং বুদ্ধের করুণা, মননশীলতা ও নৈতিক শৃঙ্খলার শিক্ষার ওপর ধর্মদেশনা শোনেন। দান, ধ্যান ও পরোপকারমূলক কর্মকাণ্ডও এদিনের অবিচ্ছেদ্য অংশ।
বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয় এবং শান্তিপূর্ণ সমাবেশ ও নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপিত হয়। ধর্মীয় তাৎপর্যের বাইরে এই দিন শান্তি, নৈতিকতা ও সহমর্মিতার মতো সর্বজনীন মূল্যবোধ নিয়ে ভাবনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যা আজকের বিশ্বেও বুদ্ধের শিক্ষার প্রাসঙ্গিকতা স্মরণ করিয়ে দেয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাধারণত সামরিক, তত্ত্বাবধায়ক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক শাসনের একটি পরম্পরা দেখা যায়। তবে এ পরিবর্তনের আড়ালেও একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা লক্ষ করা যায়। বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রীভূত, নিয়ন্ত্রণ আরোপ এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্য দুর্বল হওয়ার প্রবণতা বারবার ফিরে এসেছে।
১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নানা মডেলের সামরিক শাসন, ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং ২০০৯-২০২৪ সালের নির্বাচিত বেসামরিক সরকারের সময়কাল—সব ক্ষেত্রেই ক্ষমতা প্রয়োগের মৌলিক ধরনে উল্লেখযোগ্য মিল রয়েছে। শাসনব্যবস্থার বাহ্যিক কাঠামো বদলালেও অন্তর্নিহিত প্রবণতা ছিল ক্ষমতার কেন্দ্রীভূত, নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিরোধী মতের দমন।
সামরিক শাসনামলে ক্ষমতা সরাসরি সামরিক নেতৃত্বের হাতে কেন্দ্রীভূত ছিল। সংবিধান সংশোধনের মাধ্যমে সেই শাসনকে বৈধতা দেওয়া হয়। রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, নিষেধাজ্ঞা ও আইনি বিধিনিষেধের মাধ্যমে দমন করা হয়। ফলে ভিন্নমত প্রকাশের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়ে। প্রতিবাদ ও সমালোচনা প্রায়ই বলপ্রয়োগে দমন করা হতো, যা সমাজে একধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।
ওই সময় দুর্নীতি ও পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতি গভীরভাবে প্রোথিত হয়। হুসেইন মুহম্মদ এরশাদের আমলে রাষ্ট্রীয় সম্পদ জনকল্যাণের পরিবর্তে রাজনৈতিক আনুগত্য সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ফলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে, যেখানে শাসনব্যবস্থা জনসেবার পরিবর্তে ক্ষমতা টিকিয়ে রাখার উপকরণে পরিণত হয়—যার প্রভাব পরবর্তী বেসামরিক সরকারগুলোর ওপরও পড়ে।
সামরিক শাসনের পরবর্তীকালে গণতান্ত্রিক কাঠামো বজায় থাকলেও এর কার্যকারিতা ক্রমে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। নির্বাহী বিভাগে ক্ষমতার কেন্দ্রীভূত বাড়ে এবং জবাবদিহি নিশ্চিত করার প্রতিষ্ঠানগুলো—যেমন আদালত, নির্বাচন কমিশন ও আমলাতন্ত্র—রাজনৈতিক প্রভাবাধীন হয়ে পড়ে। নির্বাচনে অনিয়মের অভিযোগ ও বর্জনের ঘটনা এর বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে। একই সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মতো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ জনমনে ভয়ের পরিবেশ তৈরি করে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত করে দেয়।
- ট্যাগ:
- মতামত
- বুদ্ধ পূর্ণিমা