You have reached your daily news limit

Please log in to continue


ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

ঢাকায় আজ শুক্রবার ভোর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়। ভোর পাঁচটার কিছু পর থেকে সকাল সাতটার কিছু আগে পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়।

এই বৃষ্টিতে ঢাকার গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।

আজ ছুটির দিন হওয়ায় রাস্তায় এ সময় যানবাহন ছিল কম। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে। তবে সকাল ৮টার পরও এসব রাস্তায় পানি জমেছিল।

জিগাতলা থেকে কারওয়ান বাজারে সকালে কর্মস্থলে আসার পথে ভোগান্তিতে পড়েন সাংবাদিক দাউদ ইসলাম। তিনি বলেন, জিগাতলায় রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যায়। ফলে দুই পা ওপরে তুলে কোনোরকমে তিনি রিকশায় বসেন। তারপরও রিকশা চলার সময় পানি ছিটে আসায় ভিজে গেছেন। এ অবস্থাতেই সারা দিন অফিস করতে হবে তাঁকে।

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কারওয়ান বাজারে সকালে কর্মস্থলে আসার পথে ভোগান্তিতে পড়েন গণমাধ্যমকর্মী ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, মে দিবস হওয়ায় আজ কোনো বাস পাননি। ফলে দুটা রিকশায় ভেঙে ভেঙে আসেন তিনি। বৃষ্টি ও রাস্তায় পানির কারণে রিকশা পাচ্ছিলেন না। মালিবাগে নোংরা পানির মধ্যে দিয়ে হেঁটে আসার পর তিনি রিকশা পেয়েছেন। ভাড়াও লেগেছে দ্বিগুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন