জলাবদ্ধতার পুরনো ছবি দিয়ে ‘অপপ্রচার’ করা হয়েছে: প্রতিমন্ত্রী শাহে আলম
চট্টগ্রাম নগরীর মঙ্গলবারের জলাবদ্ধতা নিয়ে সোশাল মিডিয়ায় ২০২৩-২৪ সালের ছবি দিয়ে ‘অপপ্রচার’ চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নগরীর বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ বৃহস্পতিবার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
দুপুরে চাক্তাই এলাকায় সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “মামনীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। এবং উনার কাছে যে খবর ছিল চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। সোশাল মিডিয়াতে চব্বিশ সালের তেইশ সালের বিভিন্ন ছবি প্রকাশ করে একটা অপপ্রচার চালানো হয়েছে যে, চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে।
“এই খবরে উনি সংসদে দাঁড়িয়ে চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তারপরে সংসদেই তার কার্যালয়ে ডেকে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে, আপনি এক্ষুণি চট্টগ্রাম যান। এবং সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষগুলোকে নিয়ে বসে কী সমস্যা আছে, সমাধান করে তারপর আপনি ফিরবেন।”
তিনি বলেন, “আমি গতকাল সন্ধ্যার পরে এসেছি ঘুরেছি। যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও, এরকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি। এবং রাতে আমি বলেছি, চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রল করে বলেছেন, মাননীয় মন্ত্রীর চশমার সমস্যা আছে। চোখে কম দেখে।
“কিন্তু আপনারা তো কাল থেকে আমার সাথে ছিলেন। আজকেও আছেন। আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখতে চাই। আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- মীর শাহে আলম