You have reached your daily news limit

Please log in to continue


৪ নদীর পানি বিপৎসীমার উপরে: দুই জেলার নিম্নাঞ্চলে বন্যা, শঙ্কা আরও ৩ জেলায়

বৈশাখের মাঝামাঝিতে এসে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি ঝরছে। এ বৃষ্টিপাতের ফলে দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তাতে মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে; আর সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এছাড়া দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বজায় রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার রাজধানীতে সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে। তবে কেবল ঢাকাই নয় দেশের বিভিন্ন স্থানেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।

বেলা ১২টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

“সারাদেশের বিভিন্ন স্থানে এ মুহূর্তে বৃষ্টি ঝড়ছে।"

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কাজী জেবুন্নেসা বলেন, "আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।"

ভারি বৃষ্টি দেশের বিভিন্ন স্থানে

বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার।

এছাড়া, দ্বীপজেলা ভোলায় ১৫১, ফেনীতে ১৪৮, ময়মনসিংহে ১১৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ১১৪, কুমিল্লায় ১০৩, আমবাগানে ৯২, পটুয়াখালীতে ৯১ ও নেত্রকোণায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও বুধবার ভোর থেকেই থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হয়েছে। আর, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাতে শহর ডুবেছে।

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অতিভারি বৃষ্টিপাত বলে আবহাওয়া অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন