সোশ্যাল মিডিয়া স্ক্যামে ১ বিলিয়ন ডলার হারিয়েছে গ্রাহকরা
২০২৫ সালে সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্ষতি হয়েছে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণার অন্যান্য মাধ্যমের তুলনায় সামাজিক মাধ্যম থেকেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
গত বছর যারা প্রতারণার শিকার হয়ে অর্থ হারানোর অভিযোগ করেছেন তাদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, প্রতারণার সূত্রপাত হয়েছিল সামাজিক মাধ্যমে। প্ল্যাটফর্মভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতির ঘটনা ঘটেছে ফেসবুক থেকে শুরু হওয়া প্রতারণায়। এর পরের অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেসবুক থেকেই হওয়া প্রতারণায় মানুষের আর্থিক ক্ষতির পরিমাণ টেক্সট মেসেজ বা ইমেইলভিত্তিক প্রতারণার তুলনায় অনেক বেশি। অর্থাৎ, প্রতারকেরা এখন যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যমকে বেশি ব্যবহার করছে।
সামাজিক মাধ্যমে প্রতারণার ধরনও নানা রকম। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে অনলাইন শপিং সংক্রান্ত প্রতারণা। যারা ক্ষতির কথা জানিয়েছেন, তাদের ৪০ শতাংশের বেশি বলেছেন তারা সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে পণ্য অর্ডার করেছিলেন। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ এমনকি পোষা প্রাণীও। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা অপরিচিত ওয়েবসাইটে গিয়েছেন। আবার কখনো পরিচিত ব্র্যান্ডের নামে ভুয়া ওয়েবসাইটে বড় ছাড়ের প্রলোভন দেখানো হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আর্থিক ক্ষতি
- প্রতারণার শিকার