প্রবাসে দর্শক টানছে ‘দম’, যুক্তরাষ্ট্রে বাড়ছে শো
দেশে সফলতার পর বিদেশের প্রেক্ষাগৃহেও বাজিমাত করে চলছে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘দম’। ইতিমধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ছবিটি। অন্যান্য শহরেও সাফল্য অব্যাহত আছে, এ সপ্তাহে যুক্ত হচ্ছে বেশ কিছু শহর। আজ বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।
এক ফেসবুক পোস্টে রাজ হামিদ জানান, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী হবে। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে ‘বাংলা ইভেন্টস’, টিকিট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহর—সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতে এককালীন (ওয়ান-অফ) শোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
এবার প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে ‘দম’। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। শিগগিরই শোটাইম ঘোষণা করা হবে।
- ট্যাগ:
- বিনোদন
- প্রেক্ষাগৃহে চলচ্চিত্র