এমপিরা কেন স্থানীয় সরকারে ভাগ বসাতে চান
স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশে স্থানীয় সরকারব্যবস্থা দাঁড়াল না কেন্দ্রীয় প্রশাসনের হস্তক্ষেপ ও নীতিনির্ধারকদের দখলদারি মানসিকতার কারণে। স্বাধীনতার পর আমরা নানা কিসিমের সরকার পেয়েছি—নির্বাচিত, অনির্বাচিত, সামরিক, আধা সামরিক। সবাই স্থানীয় শাসনকে নিজের কবজায় রাখতে সর্বশক্তি নিয়োগ করেছে। কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন করে। এরপর অবস্থা এমন দাঁড়াল যে স্থানীয় সরকার সংস্থা ও ক্ষমতাসীন দলের মধ্যে কোনো ফারাক থাকল না।
আশির দশকে হুসেইন মুহম্মদ এরশাদ যে উপজেলা পরিষদ গঠন করেছিলেন, সেটি ঠিকমতো কাজ করলে শাসনতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হতে পারত। কিন্তু সেটা হয়নি। কেবল উপজেলা নয়; জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির আদলেই রয়ে গেছে।
এই মুহূর্তে দেশে কার্যকর কোনো স্থানীয় সরকার সংস্থা নেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো দু-একটি ব্যতিক্রম ছাড়া। অন্তর্বর্তী সরকার এসে অন্য আরও অনেক কমিশনের মতো স্থানীয় সরকার সংস্কার নিয়েও একটি কমিশন গঠন করে; কিন্তু তারা ক্ষমতায় থাকতে সেই কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন করার প্রয়োজন মনে করেনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার এসে আমলা প্রশাসকদের স্থলে দলীয় প্রশাসক বসাল। অজুহাত দেখানো হলো যে আমলাদের দিয়ে কাজ চলছিল না। তারা এমন ব্যক্তিদের দলীয় প্রশাসক পদে বসাল, যাঁরা বিগত নির্বাচনে দলের মনোনয়ন পাননি এবং ভবিষ্যতে যাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে মেয়র হিসেবে মনোনয়ন পেতে পারেন। একইভাবে ৬৪টি জেলা পরিষদের চেয়ারম্যান পদেও অস্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটাকে অনেকেই সান্ত্বনা পুরস্কার হিসেবে অভিহিত করেছেন।
সরকারি সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে নির্বাচন হতে পারে আগামী শীত মৌসুমে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার পর। সে ক্ষেত্রে দলীয় প্রশাসকেরা আট–নয় মাস সময় পাচ্ছেন এলাকায় নিজেদের সাংগঠনিক ও রাজনৈতিক ভিত শক্তিশালী করতে।
অতীতে আমরা দেখেছি, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাই সরকারের সুযোগ–সুবিধা বাড়ানোর আবদার করেন। কিন্তু নতুন বন্দোবস্তে আমরা দেখলাম, বিরোধী দলের সংসদ সদস্যদেরই সেদিকে নজর বেশি। ৩০ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ নির্বাচনী এলাকায় বসার জায়গা চাইলেন। এরপর স্থানীয় সরকার বিভাগ ২১ এপ্রিল মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদে আলাদা সুসজ্জিত কক্ষ নির্মাণের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে এই তথ্য জানিয়ে বলেন, সংসদ সদস্যদের কক্ষ বরাদ্দের বিধান না থাকায় এর নাম হবে পরিদর্শন কক্ষ। পরিদর্শন কক্ষ হোক বা সংসদ সদস্যদের জন্য ‘আয়েশি কক্ষ’ হোক, এর খরচ জোগাতে হবে জনগণের করের অর্থে। তা–ও এমন এক সময়, যখন ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে দেশে ভয়াবহ জ্বালানিসংকট চলছে। অর্থনীতির অবস্থাও ভালো নয়।
এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এলাকায় আমাদের বসার জায়গা করে দিয়েছেন, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’
একই সঙ্গে তিনি লজ্জা থেকে বাঁচার জন্য সংসদ সদস্যদের গাড়ির ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের অন্যান্য দাবির বিষয়ে অনড় থাকলেও এ ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে নমনীয়তা দেখিয়েছেন। কিছু করার আশ্বাস দিয়েছেন। গাড়ি চাওয়া নিয়ে সমালোচনা হলে হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা শুল্কমুক্ত গাড়ি চান না; চান সচিব, ডিসি ও ইউএনওদের মতো গাড়ি। অর্থাৎ সরকারি কর্মকর্তারা যে গাড়ির সুবিধা পান, সংসদ সদস্যদের জন্যও সেই সুবিধা দাবি করেন এই তরুণ সংসদ সদস্য।
এখন দেখা যাক একজন সংসদ সদস্য রাষ্ট্র থেকে কী কী সুবিধা পান। তিনি এলাকায় আসা–যাওয়ার জন্য মাসে ৭০ হাজার টাকা যাতায়াত ভাতা পেয়ে থাকেন। এখন রাষ্ট্র যদি সংসদ সদস্যদের গাড়ির ব্যবস্থা করে, তাহলে তাঁদের এই পরিবহন ভাতার কী হবে? সেটিও কি নেবেন তাঁরা। সে বিষয়টি স্পষ্ট হলো না।
- ট্যাগ:
- মতামত
- ব্যবস্থা
- স্থানীয় সরকার