তীব্র গরমে পানির কষ্টে নগরবাসী
রাজধানীতে শুরু হয়েছে পানির তীব্র সংকট। প্রচণ্ড গরম, লোডশেডিং, জ্বালানি সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঢাকা ওয়াসার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় বহুমুখী ধস নেমেছে। ওয়াসার তথ্যমতেই, গ্রীষ্ম মৌসুমে ঢাকায় প্রতিদিন পানির চাহিদা ৩২৫ কোটি লিটারের বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ২৮০ কোটি লিটার; অর্থাৎ দৈনিক ঘাটতি প্রায় ৪৫ কোটি লিটার। ফলে মিরপুর, উত্তরা, ভাটারা, শাহজাদপুর, কলাবাগানসহ নগরীর প্রায় অর্ধশত এলাকার বাসিন্দাদের জীবন তীব্র গরমে পানির অভাবে হাঁসফাঁস করছে। রাজধানীর পল্লবীতে শুক্রবার পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্যাম্পবাসীরা। পুলিশ ৩ ঘণ্টা পর সমস্যার সমাধানের আশ্বাসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অনুসন্ধানে জানা গেছে, বিগত সরকারের আমলে ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো উৎপাদন সক্ষমতার মিথ্যা পরিসংখ্যান এবং প্রায় ২০ শতাংশ সিস্টেম লস গোপনের কারণেই এখন চরম খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারগুলোও কাঙ্ক্ষিত পানি সরবরাহে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, সাধারণ সময়ে ঢাকা ওয়াসার পানির চাহিদা থাকে প্রায় ২৯০ কোটি লিটার। আর ঢাকা ওয়াসার উৎপাদন সক্ষমতা থাকে ৩১০ কোটি লিটার। কিন্তু গ্রীষ্মে চাহিদা বেড়ে যায় এবং উৎপাদন কমে যায়। ফলে এ মৌসুমে পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসাকে হিমশিম খেতে হয়। তিনি বলেন, এখন রাজধানীবাসীর পানির চাহিদা ৩২৫ কোটি লিটার। আর পানির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে ২৮০ কোটি লিটারে। পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পাম্প নষ্ট হওয়াসহ নানা কারণে এসব সংকট তৈরি হচ্ছে। তবে ঢাকাবাসীর পানির সংকট নিরসনে কাজ করছে ঢাকা ওয়াসাসংশ্লিষ্টরা।
ঢাকা ওয়াসার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সহিদ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, ঢাকা ওয়াসার পানির যে সংকট রয়েছে, তা নিজস্ব সক্ষমতা দিয়েই মেটানোর সুযোগ রয়েছে। সেটা হলো-পদ্মা পানি শোধনাগার প্রকল্প; ওই প্রকল্পের সক্ষমতা দৈনিক ৪৫ কোটি লিটার, উৎপাদন করা হচ্ছে ২৫ কোটি লিটার। পাইপলাইন স্থাপন না করায় পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি অন্যান্য ব্যবস্থাপনায়ও নজর দিতে হবে। শুষ্ম মৌসুমের সংকট মোকাবিলায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানি সঙ্কট