পাহাড় আর সীমান্তে ম্যালেরিয়ার প্রকোপ
প্রভাব নৈমিত্তিকভাবে চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে ম্যালেরিয়া রোগ এখনো দৃঢ়ভাবেই বিদ্যমান। গত দেড় যুগে দেশের নির্দিষ্ট কয়েকটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেছে। এসব জেলার ৭২টি উপজেলায় রোগটির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি বিস্তার ও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।
ম্যালেরিয়া উপদ্রুত এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, সীমান্তবর্তী অবস্থান, স্বাস্থ্যসেবায় দেরি এবং সচেতনতার অভাব রোগটির পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন রোগতত্ত্ববিদেরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০৭ সাল থেকে গত বছর পর্যন্ত প্রায় ১৮ বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ৬ লাখ মানুষ। মূলত দেশের ১৩ জেলার ৭২টি উপজেলায় এসব রোগী শনাক্ত হয়েছে। স্থানগুলোর বেশির ভাগ ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী। জেলাগুলো হলো রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রাম। গত দেড় যুগে এসব এলাকায় আক্রান্তদের মধ্যে ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া একটি সম্ভাব্য প্রাণঘাতী রোগ। ম্যালেরিয়ার জীবাণুতে সংক্রমিত হওয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এ রোগ মানুষের দেহে প্রবেশ করে। সাধারণত জ্বর, কাঁপুনি, ঘাম, মাথাব্যথা ও দুর্বলতা এ রোগের প্রধান উপসর্গ। সময়মতো চিকিৎসা না নিলে এটি গুরুতর জটিলতা সৃষ্টি করে মৃত্যুঝুঁকি বাড়ায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ম্যালেরিয়া
- রোগের প্রকোপ