সততা, সাহসিকতা, সাংবাদিকতার ৩৫ বছর
‘সততা, সাহসিকতা, সাংবাদিকতা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ঢাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে দুইদিনব্যাপী আয়োজন শুরু হয়েছে আজ শুক্রবার।
জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজনের শুরু হয়। এরপর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য প্রাণ বিসর্জন করা সকল শহীদ এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দ্য ডেইলি স্টার সেন্টারের নিচতলা ও দোতলায় আয়োজন করা হয় প্রদর্শনীর।
দ্য ডেইলি স্টারে হামলার ঘটনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এরপর সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা বর্ণনা করেন সাংবাদিক জায়মা ইসলাম।
দ্য ডেইলি স্টারে হামলার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সেসব সদস্য আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে সহায়তা করেন, তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
আয়োজনে নিজের বক্তব্যে মাহফুজ আনাম বলেন, ‘আমরা দ্য ডেইলি স্টারের ৩৫তম বর্ষপূর্তি উদযাপন করছি। আমি আপনাদের বলতে চাই, একটি স্বাধীন গণমাধ্যম কেবলমাত্র গণমাধ্যমের জন্য নয়, এটি সমাজের জন্য, এটি দেশের জন্য, এটি আমাদের সভ্যতার জন্য। আজ আমি লিখেছি, “মুক্ত গণমাধ্যমে আগুন দিলে পুড়ে যায় গণতন্ত্রও”। গণমাধ্যমের স্বাধীনতা কেবল গণমাধ্যমের জন্য নয়, এটা আমাদের সবার জন্য। এটি মূল্যবোধ, সমাজের দৃষ্টিভঙ্গির জন্য। এটিকে অবশ্যই সবার লালন করতে হবে।’