ঢাকাসহ দেশের ২১ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এর মধ্যে শনিবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তর ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
তাতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।