তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অটোরিকশা চার্জিংয়ের অসংখ্য পয়েন্ট। সড়কের পাশে কিংবা গলিতে বসানো এসব চার্জিং স্পটে প্রতিদিন ভিড় করে শত শত অটোরিকশা। এলাকায় নির্দিষ্টসংখ্যক বৈধ চার্জিং পয়েন্ট থাকলেও তার আড়ালে বহু জায়গায় নির্বিঘ্নে চলছে অবৈধ চার্জ দেওয়ার কাজ। ব্যাপক হারে বিদ্যুৎ চুরির মাধ্যমে অনুমোদনহীন এ পয়েন্টগুলো চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুৎ বিভাগের অবহেলা এবং অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার একটি চক্র গড়ে উঠেছে। তাদের বসানো পয়েন্টে প্রতিদিন অবাধে অবৈধভাবে চার্জ দিচ্ছে হাজারো অটোরিকশা।
২১ এপ্রিল এলাকা ঘুরে দেখা যায়, তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড়ের আকিজ পাম্পসংলগ্ন এলাকায়, দক্ষিণ বেগুনবাড়ির আজমেরি হোটেলের সামনে, বেগুনবাড়ি পোস্ট অফিসের আশপাশ, আজিজ লতিফ হলের সামনে, বিটাক থেকে সিদ্দিক মাস্টার মোড় পর্যন্ত এবং উত্তর বেগুনবাড়ির নাসা পদ্মা গার্মেন্টস থেকে রানার ১০ তলা ভবন পর্যন্ত এবং বিএসটিআই-সংলগ্ন সড়কের দুই পাশের ফুটপাত এলাকায় শত শত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। রাস্তার দুই ধারে যানগুলো রেখে গ্যারেজ মালিক ও চালকেরা তাতে চার্জ দিচ্ছেন। জানা গেল, এসব অটোরিকশার অধিকাংশই গ্যারেজের মালিকদের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চার্জ
- অবৈধ
- শিল্পাঞ্চল
- অটোরিকশা