এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।


আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় নারী আসনের জন্য বিএনপির ৩৬ জন ও স্বতন্ত্র ১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’


রিটার্নিং কর্মকর্তার ‍সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, ‘আসনটি শূন্য হওয়ার পরে সব দল অথবা জোটের জন্য উন্মুক্ত হবে।’

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। একজনের বিষয়ে আজ দুপুরে সিদ্ধান্ত আসে।


আরপিওর বিধান তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বলেছিলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট (কাগজপত্র) দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে-স্কেলের কথা উল্লেখ রয়েছে। এ জন্য তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।’


২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালে নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল যোগ দেন। দুই বছর পর গত বছর ডিসেম্বর মাসে চাকরি থেকে অব্যাহতি নেন এনসিপির এই নেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও