চীনে চিপ প্রযুক্তি পাচার: সাবেক স্যামসাং গবেষকের কারাদণ্ড
চীনা কোম্পানির কাছে সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তি পাচারের দায়ে স্যামসাংয়ের এক সাবেক গবেষককে কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জন্য গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি ফাঁসের বিনিময়ে তিনি প্রায় ২০ লাখ ডলারের সমপরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বুধবার স্যামসাং ইলেকট্রনিক্সের সাবেক ওই গবেষককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট’।
ওই ব্যক্তিকে ‘শিল্প প্রযুক্তি সুরক্ষা আইন’ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। রায়ে আদালত বলেছে, পাচার হওয়া বিভিন্ন তথ্য ছিল দেশের ‘জাতীয় গুরুত্বপূর্ণ প্রযুক্তি’ এবং তিনি পরিকল্পিতভাবে এই তথ্য চুরির ষড়যন্ত্র করেছিলেন।
৫৬ বছর বয়সী ওই ব্যক্তি গত বছর অভিযুক্ত হওয়া ১০ জনের অন্যতম, যাদের বিরুদ্ধে চীনা চিপ নির্মাতা কোম্পানি ‘চ্যাংক্সিন মেমোরি টেকনোলজিস’ বা সিএক্সএমটি’র কাছে মেমোরি চিপ সংশ্লিষ্ট প্রযুক্তি পাচারের অভিযোগ ছিল।