সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন স্ট্যু বানানোর সহজ পদ্ধতি
মুরগির অনেক পদের মধ্যে চিকেন স্ট্যু এমন একটি রেসিপি যা একাধারে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। বিশেষ করে যারা ওজন কমাতে চান বা হজমের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি আদর্শ খাবার। মাংস আর সবজির পুষ্টিতে ভরপুর এই পদটি খুব সহজে ও অল্প সময়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। চলুন, জেনে নিই রেসিপি।
উপকরণ
- মুরগির মাংস: ৫০০ গ্রাম
- সবজি: আলু (২টি), গাজর (১টি), বরবটি (আধা কাপ)
- মসলা: আদা-রসুন বাটা (২ টেবিল চামচ), পেঁয়াজ কুচি (২টি ছোট), কাঁচা মরিচ (৪টি)
- গুঁড়া মসলা: গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া
- ফোড়নের জন্য: তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি
- অন্যান্য: লেবুর রস, ঘি বা মাখন, লবণ ও সামান্য কর্নফ্লাওয়ার (ঝোল ঘন করার জন্য)
প্রস্তুত প্রণালী
১. মেরিনেশন: প্রথমে মুরগির টুকরোগুলোকে আদা-রসুন বাটা, হলুদ, লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
২. ফোঁড়ন ও সবজি ভাজা: হাঁড়ি বা প্যানে ঘি/মাখন গরম করে গরম মশলা ও তেজপাতা ফোঁড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। এরপর গাজর, আলু ও বরবটি দিয়ে দিন। সঙ্গে গোলমরিচ, ধনে ও জিরার গুঁড়া এবং কাঁচা মরিচ মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৩. মুরগি কষানো: সবজির ওপর মেরিনেট করা চিকেন দিয়ে দিন। মসলা ও সবজির সঙ্গে মুরগিটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজুন।
৪. সেদ্ধ করা: সবকিছু ভাজা হয়ে গেলে প্রায় ৮০০ মিলি (৩-৪ কাপ) জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না মাংস ও সবজি পুরোপুরি সেদ্ধ হচ্ছে।
৫. শেষ ধাপ: নামানোর আগে ঝোল একটু ঘন করতে চাইলে সামান্য পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম হেলদি চিকেন স্ট্যু।
- ট্যাগ:
- লাইফ
- চিকেন রেসিপি