শাহরুখের সঙ্গে কাজ না করার কারণ জানালেন ডেভিড ধাওয়ান
বলিউডের সফল নির্মাতা ডেভিড ধাওয়ান তার দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ, সালমান খান ও সঞ্জয় দত্তের মতো সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল—কেন তাকে কখনো শাহরুখ খানের সঙ্গে কাজ করতে দেখা যায়নি? সম্প্রতি তার ছেলে বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণায় এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি।
ডেভিড ধাওয়ান জানান, শাহরুখের সাথে কাজ করার পরিকল্পনা যে ছিল না, তা নয়। একটি সময়ে তারা একসঙ্গে কাজ করার কথা ভেবেছিলেন। কিন্তু সেই সময় ডেভিড ধাওয়ান কাজের চাপে অত্যন্ত ব্যস্ত থাকতেন; সবসময় তার হাতে দুটি করে সিনেমার শুটিং চলত। সময়ের এই অমিল আর ব্যস্ততার কারণেই শেষ পর্যন্ত বড় পর্দায় এই জুটিকে আর দেখা যায়নি। তিনি আরো জানান, কোনো নির্দিষ্ট অভিনেতার সাথে কাজ করবেন এমন জেদ তার ছিল না, বরং যাদের সাথে ব্যাটে-বলে মিলেছে তাদের সাথেই কাজ করে গেছেন।
বর্তমানে ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। টিজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ছোট শিশুকে দেখানো হয়েছে, যারা বরুণ ধাওয়ানের চরিত্রের সন্তানদের ভূমিকায় ছিল। দর্শকদের একাংশ এই বিষয়টি পছন্দ করেননি।
- ট্যাগ:
- বিনোদন
- একসঙ্গে
- কাজ করানো
- শাহরুখ খান