নারী আসন: জামায়াত জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ, মনিরা শারমিনের স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে এ জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর বৃহস্পতিবার তার বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি।
বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার।
এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোয়নপত্র জমা দেন।
জামায়াতে ইসলামীর ও তাদের জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত নয়জন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন।
দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, “আমরা ১৩টি বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হল। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমান (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।”