মিরসরাইয়ে প্রতিরক্ষা শিল্পাঞ্চল পুনর্বিবেচনা অপরিহার্য
২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় সফরকালে বাংলাদেশে একটি ভারত-নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল (Indian Economic Zone- IEZ) প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। এটি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ হিসেবে উপস্থাপিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিতে নীতিগত সম্মতি দেন এবং একটি যৌথ ঘোষণার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ তুলনামূলকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেছিল।
মোংলা বা রামপাল এলাকায় ১০০ থেকে ৩০০ একর জমি দেওয়ার প্রস্তাব ওঠে, যেগুলো অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় হলেও জাতীয় নিরাপত্তার দিক থেকে তুলনামূলক কম সংবেদনশীল। কিন্তু ২০১৭ সালে শেখ হাসিনার বহুল আলোচিত নয়াদিল্লি সফরের সময় পরিকল্পনাটির পরিসর ও অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। চট্টগ্রামের মিরসরাই এলাকায় এক হাজার একরের বেশি, পরে প্রায় ৯০০ একর জমি বরাদ্দের পরিকল্পনা সামনে আসে, যেখানে উন্নয়নে ভারতের আদানি গ্রুপ যুক্ত থাকার কথা শোনা যায়। আইনি দৃষ্টিকোণ থেকে একটি বিষয় স্পষ্ট করা জরুরি।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (BEZA) কাঠামো অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলের জমি বিক্রি নয়, লিজ দেওয়া হয়—সাধারণত ৫০ বছরের জন্য, নবায়নের সুযোগসহ। অর্থাৎ কাগজে-কলমে জমির সার্বভৌম মালিকানা রাষ্ট্রের হাতেই থাকে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়—সার্বভৌমত্ব শুধু দলিলে নয়, কার্যকর নিয়ন্ত্রণ, প্রভাব ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপর নির্ভর করে। বাংলাদেশ সরকার পরবর্তী সময়ে জানায় যে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য ৯০০ একর জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত কাগজে-কলমে বাতিল করা হয়েছে এবং সেখানে একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলার চিন্তা করা হচ্ছে।
বিদেশি কোনো শক্তিকে এমন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে বৃহৎ অর্থনৈতিক উপস্থিতি দেওয়া থেকে সরে আসা নীতিগতভাবে একটি বাস্তববাদী ও ইতিবাচক সিদ্ধান্ত। তবে গভীর নিরাপত্তা মূল্যায়ন ছাড়া এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনার জায়গায় আরেকটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বসানো হলে সমস্যার প্রকৃতি বদলালেও ঝুঁকি থেকেই যায়।
মিরসরাই কোনো সাধারণ শিল্প এলাকা নয়। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল কৌশলগত ভূখণ্ড ফেনী ‘চিকেন নেক’ বা করিডরের নিকটবর্তী। এই সংকীর্ণ ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে এবং দীর্ঘদিন ধরেই ভারতীয় সামরিক পরিকল্পনায় এটি একটি বড় দুর্বলতা হিসেবে বিবেচিত।
- ট্যাগ:
- মতামত
- অর্থনৈতিক অঞ্চল