সমাজ পরিবর্তনে দরকার সত্যিকার সামাজিক আন্দোলন
আমাদের মৌলিক সামাজিক সমস্যাগুলোতে এক ধরনের রূপান্তর তৈরি হয়েছে। দারিদ্র্য, বেকারত্ব, অধিক জনসংখ্যা এবং পুষ্টি সমস্যা সময়ের ব্যবধানে আমরা অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এখন আমরা এগুলোকে মূল সমস্যা মনে করলেও সমস্যাগুলোর সঙ্গে আমাদের সমাযোজন অনেক বেশি। সরকারি উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষ কোনো না কোনোভাবে দুমুঠো খেয়ে বসবাস করছে।
কিন্তু এর বাইরে আমরা এমন সব সমস্যায় আক্রান্ত হচ্ছি, যা প্রতিনিয়ত আমাদের কষ্ট দিচ্ছে। আমাদের অন্যান্য সমস্যাকে মোকাবেলা করতে বাধার সৃষ্টি করছে এবং সার্বিকভাবে আমাদের উন্নতির জন্য এক বড় অন্তরায় তৈরি করছে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের মতো সামাজিক সমস্যা আজ আমাদের এমনভাবে গ্রাস করছে, যা থেকে আমরা কোনোভাবেই মুক্ত নই। এই সমস্যাগুলো আমাদের সমাজে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে, যা নিরসনে সত্যিকার, সমন্বিত এবং গঠনমূলক উদ্যোগ কাম্য।
সমাজে এই সমস্যাগুলো বিস্তারের জন্য আমরাই কমবেশি দায়ী। অন্যান্য সমস্যা; যেমন—দারিদ্র্য কিংবা বেকারত্বের মোকাবেলায় এককভাবে সরকারের উদ্যোগ অনেক দূর এগিয়ে নিয়ে যায়, কিন্তু মাদক কিংবা সন্ত্রাসের মতো সমস্যা একান্ত ব্যক্তিগত কিংবা রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা ছাড়া কোনোভাবেই নিরসন সম্ভব নয়। দুর্নীতিকে আমরা একটি বড় সমস্যা বলতে পারি। সমাজের সর্বত্র দুর্নীতির ছোঁয়া লেগেছে।
আমরা দুর্নীতি নিয়ে কথা বলি, সভা-সেমিনারের আয়োজন করি এবং দুর্নীতির ভয়াবহতা সমাজের সামনে তুলে ধরি। কিন্তু দুর্নীতি মোকাবেলার মানদণ্ডে আমরা কোনোভাবেই সন্তোষজনক অবস্থানে যেতে পারছি না। আমাদের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, পেশাজীবী, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্নীতি নিয়ে কথা বলে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। তারা দুর্নীতির বিষয়ে জনগণের সামনে তুলে ধরা থেকে শুরু করে সব কাজই করছে।
রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি সবাই দুর্নীতির বিষয়ে কড়া জবাব দিচ্ছেন। অন্যরাও তা-ই করছেন। কিন্তু কেন দুর্নীতি কমছে না? সবাই কি মুখে মুখে বলছেন, নাকি সত্যিকারে বলছেন, তা আজ বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এমনও হয়, আমরা বলছি, কিন্তু মনে-প্রাণে চাই না দুর্নীতিমুক্ত সমাজ, নাকি মুখে বলেও আমরা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ছি? পৃথিবীতে কোনো সমস্যাই সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব নয়, কিন্তু সমস্যা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টার কি কোনো ঘাটতি আছে?
মাদক আমাদের সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকাসক্ত ব্যক্তি নিজের, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ। সমাজের ওপর মাদকের প্রভাব এতই ভয়াবহ যে আমরা প্রতিনিয়ত এ সমস্যা মোকাবেলা করছি। আমাদের যুবসমাজের একটি বড় অংশ আজ মাদকে আক্রান্ত। তারা জীবনীশক্তি অচিরেই ধ্বংস করছে এবং এক নেতিবাচক প্রভাব সমাজের কাছে রেখে যাচ্ছে। মাদকের মতো আমাদের আরেক আতঙ্কের নাম সন্ত্রাস। সন্ত্রাসী কার্যক্রম আমাদের জীবনহানি ঘটাচ্ছে। পথে-ঘাটে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছি। অন্যান্য সমস্যার মতো এখানেও আমাদের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ অন্যরা সবাই সরব।
মিটিং ও সভা-সমাবেশে বক্তব্যে এমনভাবে কথা বলি, যেন কালকেই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরি হবে। কিন্তু এখানেও কোনো প্রতিকার নেই। বাস্তবে কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে না। আমরা শুধু মুখেই বলি, কিন্তু সমস্যা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ কতজনই বা নিই। যদিও বা কেউ কেউ পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তা কার্যকর হচ্ছে না। আমাদের দরকার কার্যকর পদক্ষেপ, যেখানে সবাই মন থেকে কথা বলবে এবং সমস্যা নিরসনে মাঠ পর্যায়ে কাজ করবে। এ কাজে যে ধরনের বাধা আসবে, তা মোকাবেলায় পদক্ষেপ নেবে।
- ট্যাগ:
- মতামত
- সমাজ পরিবর্তন
- সামাজিক আন্দোলন