শীত এলেই মন খারাপ হয় - এমন ধারণা অনেকেরই আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, গরমেও কিছু মানুষের মুড খারাপ হতে পারে, অকারণে বিরক্তি বাড়তে পারে, ঘুম ও খাওয়ার অভ্যাসে পরিবর্তন আসে।
অনেক সময় এটিকে আমরা গরমের অস্বস্তি ভেবে এড়িয়ে যাই। অথচ এর পেছনে থাকতে পারে একটি মানসিক অবস্থা - সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার - এর একটি ধরন। একে বলা হয় সামার-অনসেট বা গ্রীষ্মকালীন রূপ।
কী এই সামার-অনসেট সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার?
সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (স্যাড) সাধারণত ঋতুভিত্তিক মুড ডিসঅর্ডার। বেশিরভাগ ক্ষেত্রে এটি শীতকালে দেখা যায়। তবে কিছু মানুষের ক্ষেত্রে ঠিক উল্টো - গরমের সময় লক্ষণ শুরু হয়, যাকে বলা হয় সামার-অনসেট স্যাড।
এই অবস্থায় তাপমাত্রা, দিনের দৈর্ঘ্য, ঘুমের ধরণ এবং শরীরের জৈবিক ঘড়ির পরিবর্তনের সঙ্গে মুডের ওঠানামা জড়িয়ে যায়।