যে কারণে বাতিল হল অ্যাশেজের রবীন্দ্র সরোবরের কনসার্ট
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 'অ্যাশেজ' ব্যান্ডের যে উন্মুক্ত কনসার্ট হওয়ার কথা ছিল শনিবার, সেটি হচ্ছে না।
জায়গার স্বল্পতায় দর্শকের ভিড় সামলানো কঠিন হবে বলে আয়োজকরা কনসার্টটি বাতিল করেছে বলে জানিয়েছে ব্যান্ডটি।
ফেইসবুকে এক পোস্টে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান লিখেছেন, "১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।"
কনসার্টে জায়গার স্বল্পতার কথা জানিয়ে ইভান আরও লিখেছেন, "জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।"
আবেগঘন বার্তায় এই শিল্পী লিখেছেন, "আমাদের আর দেখা হল না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!"
- ট্যাগ:
- বিনোদন
- কনসার্ট বাতিল