ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে সংঘর্ষ: ক্লাস-পরীক্ষা স্থগিত, তদন্তে কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিস দেয়া হয়েছে।
একই সাথে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান।
শনিবার সকালে তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতের ঘটনায় শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সাত দিনের জন্য সব প্রকার ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং শনিবার সকালেই শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পরে আরেক বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানান অধ্যক্ষ।
কলেজের অধ্যাপক সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্টি এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য অধ্যাপক শামীমুল মাসুদ আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ রফিকুল হক। এই কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।