এই নিউজিল্যান্ড বাংলাদেশের তুলনায় কতটা অনভিজ্ঞ
দ্বিতীয় সারির দল…দ্বিতীয় সারির দল—গত কয়েক দিনে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল নিয়ে কথা হলেই এসেছে এটা। কোচ ও অধিনায়কদের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে প্রসঙ্গটা। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলছেন, তাঁর কাছে দেশের হয়ে খেলতে আসা সব দলই সমান। আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছোট করে দেখতে চান না কাউকে।
অনভিজ্ঞতার কথাও এসেছে ঘুরেফিরেই। কিন্তু তা আসলে কতটা? শুধু বয়সের বিবেচনাই করা যাক শুরুতে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স সৌম্য সরকারের, আজ তাঁর বয়স ৩৩ বছর ৪৫ দিন। তিনি ছাড়া ৩০ পেরোনো ক্রিকেটার বাংলাদেশের আছেন আর তিনজন—লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অন্যদিকে নিউজিল্যান্ডের ৮ ক্রিকেটারেরই বয়স ৩০ পেরিয়ে গেছে। এদের মধ্যে পাঁচজনই বিশেষজ্ঞ ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ক্লিভারের—৩৪ বছর ১০৫ দিন বয়স তাঁর। তিনি অবশ্য নিউজিল্যান্ডের হয়ে শুধু একটিই ওয়ানডে খেলেছেন, টি-টুয়েন্টিতে তিনি মাঠে নেমেছেন ১১ বার।