অবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন
দ্য বিউটিফুল গেম!
কেন, সেই ব্যাখ্যা আরেকবার পাওয়া গেল আলিয়াঞ্জ অ্যারেনায়। মিউনিখে বুধবার রাতে কী ছিল না বায়ার্ন–রিয়াল ম্যাচে। রুদ্ধশ্বাস উত্তেজনার যে ম্যাচ শেষে শেষ হাসি হেসেছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচটা যখন অতিরিক্ত সময়ে যাই যাই করছে, ৮৬ মিনিটে লাল কার্ড দেখে রিয়ালকে ১০ জনের দল বানিয়ে দিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তিন মিনিট পরেই লুইস দিয়াজের গোলে ৩–৩ সমতা। যার অর্থ দুই লেগ মিলিয়ে ৫–৪ গোলে এগিয়ে বায়ার্ন। যোগ করা সময়ে ব্যবধানটা আরও বাড়ল মাইকেল ওলিসের গোলে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা ৪–৩ গোলে জিতেছে স্বাগতিকেরা। তাতে দুই লেগের লড়াইটা ৬–৪ গোলে জিতে ১৫ বারে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন।
অথচ দিয়াজরা নন, ম্যাচের নায়ক হতে পারতেন আরদা গুলের। ম্যাচ শুরু হতে না হতেই মানুয়েল নয়্যারের মতো গোলরক্ষকের অবিশ্বাস্য ভুল। আর সেই ভুল থেকে আরদা গুলেরের তারচেয়েও অবিশ্বাস্য দূরপাল্লার গোল। জায়গা ছেড়ে বল ক্লিয়ার করতে সামনে এগিয়ে ভুল করেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রে লুনিনও। আর তাতে পাঁচ মিনিট যেতে না যেতেই আলেকসান্দার পাভলোভিচের গোলে সমতায় বায়ার্ন । ফ্রি–কিক থেকে গুলেরের আরেকটি অসাধারণ গোল। হ্যারি কেইনের গোলে আবার সমতা, এরপর কিলিয়ান এমবাপ্পের আবার রিয়ালকে এগিয়ে দেওয়া গোল। ভুলগুলো সব ভুলে গিয়ে দুই গোলরক্ষকই এরপর করেছেন অবিশ্বাস্য কিছু সেভ। এ সবই হয়েছে পাঁচ গোলের অবিশ্বাস্য প্রথমার্ধে।