You have reached your daily news limit

Please log in to continue


আজকের রাশিফল: জিহ্বা না সামলালে সম্পর্ক তছনছ হবে, বাবার মেজাজ চড়া

মেষ

বছরের শুরুতেই আপনার আত্মবিশ্বাস বুর্জ খলিফার সমান উঁচুতে। অফিসে বা ব্যবসায় এমন ভাব দেখাবেন যেন কোম্পানির স্ট্যাম্প পেপার আপনার পকেটে। বসের সামনে দাঁত কেলিয়ে হাসবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। বন্ধুদের সঙ্গে আজ আড্ডা জমবে, তবে পকেটের কাগজগুলো খুব তাড়াতাড়ি ডানা মেলে উড়াল দিতে পারে। বিকেলের দিকে কোনো প্রিয় মানুষের সঙ্গে তুচ্ছ বিষয় (যেমন: বিরিয়ানি না কি পোলাও) নিয়ে তর্ক করবেন না, ঝগড়া আদালত পর্যন্ত গড়ালে অবাক হওয়ার কিছু নেই। হলুদ রঙের জামা পরুন, লোকে ভাববে আপনি বসন্তের দূত, আসলে আপনি শুধুই নববর্ষের রেশ কাটানোর চেষ্টা করছেন।

বৃষ

আপনার জন্য আজকের দিনটি বেশ পজিটিভ। কোনো পুরোনো বন্ধু যে আপনার থেকে ৫০০ টাকা ধার নিয়ে তিন বছর আগে নিরুদ্দেশ হয়েছিল, আজ সে হঠাৎ উদয় হয়ে টাকাটা ফেরত দিতে পারে। ব্যবসায়ীদের আজ ভাগ্য খুলবে, তবে বাড়িতে সম্পত্তি নিয়ে বড়দের মধ্যে হালকা ‘কুরুক্ষেত্র’ হওয়ার চান্স আছে। রাস্তাঘাটে নিয়ম মেনে চলুন। ট্রাফিক পুলিশ আজ আপনার ওপর বিশেষ ক্রাশ খেতে পারে, তাই হেলমেট আর লাইসেন্স সঙ্গে রাখুন। মিষ্টান্ন বিতরণ করুন। নিজে চিনি কম খান, লোকেদের বেশি খাওয়ান; এতে অন্তত আপনার মেজাজটা মিষ্টি থাকবে।

মিথুন

আপনার বুদ্ধির তলোয়ারে আজ এত ধার যে আপনি লোহাও কেটে ফেলতে পারেন। পাড়ার আড্ডায় বা কোনো সামাজিক অনুষ্ঠানে আপনিই হবেন শো-স্টপার। কিন্তু সাবধান, মুখ বেশি চললে এমন কোনো গোপন কথা ফাঁস করে দিতে পারেন যা শুনলে পাড়ার আন্টিরা তিন দিন উপাস করবে। নববর্ষের ভূরিভোজের ওপর দয়া করে লাগাম টানুন। পেটের ভেতর আজ ছোটখাটো বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। খাটের এক কোনায় ছোট একটা তামার টুকরা রাখুন। জ্যোতিষশাস্ত্র বলে, এতে নেতিবাচক শক্তি দূরে থাকে, আমরা বলি অন্তত পায়ের আঙুল ঠোকর খাবে না।

কর্কট

আপনার শিশুসুলভ আচরণ আজ সবার মন জয় করবে। প্রেমের ক্ষেত্রে আজ আবহাওয়া বেশ মেঘলা। সঙ্গী হয়তো কোনো দামি উপহারের আবদার করবে আর আপনার পকেটে তখন শুধুই খুচরা পয়সা। খামাখা তর্কে যাবেন না, কারণ তর্কে জিতলেও ডিনারটা আপনাকে একা একাই করতে হতে পারে। সেলফি তুলতে গিয়ে বা উঁচুতে দাঁড়িয়ে স্টাইল মারতে গিয়ে ভারসাম্য হারাবেন না। ওপর থেকে পড়া মানেই হাড়গোড় আর ইজ্জত—দুটারই শেষ! রসিকতা করুন মন খুলে, কিন্তু এমন কারও পেছনে লাগবেন না যে পরে আপনার পেছনে লাগবে।

সিংহ

নতুন চাকরি বা বড় কোনো প্রজেক্ট দুয়ারে কড়া নাড়ছে। জমি-জমা সংক্রান্ত ঝামেলায় আজ আপনার পাল্লা ভারী থাকবে। তবে আপনার রাজকীয় ইগো আজ একটু কমিয়ে রাখুন। অফিসে জুনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তারা আপনার কফিতে নুন মিশিয়ে দিতে পারে। আজ আয়নায় নিজের দিকে তাকিয়ে ভুঁড়িটা মেপে দেখুন। নববর্ষের পাঞ্জাবিতে বোতামগুলো যদি ধুকপুক করে, তবে বুঝবেন জিমের সময় হয়ে গেছে। কোনো কাগজে সই করার আগে অন্তত তিনবার পড়ুন, এমনকি সেটা যদি বিয়ের কাবিননামা বা রেস্টুরেন্টের বিল হয় তাও।

কন্যা

অফিসে আপনার কাজের প্রশংসা হবে, হয়তো বস আপনাকে আজ আস্ত একটা ডাব খাওয়াবেন। নতুন কোনো মানুষের সঙ্গে আই-কন্টাক্ট হতে পারে। প্রেম উঁকি মারছে, কিন্তু সাবধান—পুরোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি সেটা জানতে পারে তবে নববর্ষের আনন্দ মুহূর্তেই নিরানন্দ হয়ে যাবে। যানবাহনে যাতায়াতের সময় খুব সাবধান। আজ আপনার গাড়ির টায়ারের সঙ্গে মেজাজটাও মাঝরাস্তায় পাংচার হতে পারে। বিকেলের দিকে একটা লটারি কাটতে পারেন। যদি জিতে যান তবে আমাকে ভুলবেন না!

তুলা

অলসতা আপনার প্রধান শত্রু। আজ সারা দিন বিছানায় শুয়ে ফেসবুক ফিড স্ক্রল না করে একটু কাজে মন দিন। আত্মীয়দের সঙ্গে পুরোনো কোনো কফিন থেকে কঙ্কাল বের হয়ে আসতে পারে (ঝামেলা মিটে যেতে পারে)। বাবার মেজাজ আজ একটু চড়া থাকবে, তাই পৈতৃক সম্পত্তি থেকে ত্যাজ্য হতে না চাইলে চুপচাপ থাকুন। পুরোনো কোনো পাওনাদার আপনার বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছে। আজ ফোনটা সাইলেন্ট রাখাই বুদ্ধিমানের কাজ হবে। ইবাদত-বন্দেগিতে মন দিন। মাথাটা ঠান্ডা থাকলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন।

বৃশ্চিক

আজ আপনার মেজাজ আগ্নেয়গিরির মতো। ছোটখাটো বিষয়েই তুবড়ি ছোটাতে পারেন। প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় জিহ্বাকে লোহার শেকলে বেঁধে রাখুন, নইলে সম্পর্কটা পুড়ে ছাই হয়ে যাবে। চারপাশের মানুষকে আজ আপনার শত্রু মনে হতে পারে, কিন্তু আসলে সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো সময় পায় না! গাড়ি চালানোর সময় মোবাইল চেক করবেন না। সামনে ট্রাফিক সার্জেন্ট বা ল্যাম্পপোস্ট—যেকোনো একটা আপনার জন্য অপেক্ষা করছে। মনের ঝাল মেটাতে ডায়েরি লিখুন। কেউ পড়বে না জেনে যা খুশি তাই লিখুন।

ধনু

বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আপনার ব্যাংক ব্যালেন্সকে আজ শূন্যের নিচে নিয়ে যেতে পারে। বিলাসবহুল জিনিস কেনার নেশা আজ মাথায় চড়বে। টাকা খরচ করার আগে ক্যালকুলেটরটা একবার হাতে নিন। প্রেমের ক্ষেত্রে আজ আপনি বেশ বিভ্রান্ত থাকবেন, একসঙ্গে একাধিক জায়গায় লাইন মারতে গেলে ধরা খাওয়ার চান্স ১০০ %। বিনিয়োগের জন্য দিনটি একদম ভালো নয়। আজ যেখানেই টাকা ঢালবেন, সেখানেই গর্ত হওয়ার সম্ভাবনা। পরিবারের বড়দের সঙ্গে সময় কাটান, হয়তো পকেট মানি হিসেবে কিছু পেয়েও যেতে পারেন।

মকর

আজ আপনার ওপর কাজের পাহাড় ভেঙে পড়বে। পহেলা বৈশাখের দিনও কেন কাজ করতে হলো, এই নিয়ে আপনার অভিযোগের শেষ থাকবে না। তবে দিনের শেষে পরিশ্রমের একটি বড় মিষ্টি ফল (হয়তো অফিসের বসের দেওয়া এক প্যাকেট জিলাপি) আপনার কপালে জুটবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজ নেবেন না। আপনার মস্তিষ্ক আজ প্রসেসর স্লো থাকা কম্পিউটারের মতো কাজ করছে। সাহস করে মনের মানুষকে আজ প্রোপোজ করতে পারেন। খুব বেশি হলে সে ‘না’ বলবে, আপনি মরে যাবেন না!

কুম্ভ

আপনার মধ্যে হঠাৎ মহাপুরুষ ভাব জেগে উঠতে পারে। তবে সন্ন্যাস নিতে যাওয়ার আগে একটু ভাবুন, ঘরে আপনার জন্য অনেক না ধোয়া থালা-বাসন অপেক্ষা করছে। আজ গুছিয়ে মিথ্যা বলতে পারবেন, তবে সত্য ধরা পড়লে পালানোর পথ পাবেন না। অর্থাগম হবে, কিন্তু সেটা বালির মতো আঙুলের ফাঁক দিয়ে গলে যাবে। বন্ধুদের আড্ডায় আজ বিল দেওয়ার সময় বাথরুমে পালানোর পুরোনো কৌশল আর খাটবে না। একটু সময় একান্তে কাটান। নিজের বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করলে হয়তো নিজে নিজেই হাসবেন।

মীন

আজকের দিনটি আপনার জন্য রাজযোগ। যদি মাটির দিকে হাত বাড়ান, তবে সেটা সোনা হয়ে যেতে পারে (চেষ্টা করে দেখতে পারেন)। বকেয়া টাকা ফেরত পাবেন এবং নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাবেন। সঙ্গীর সঙ্গে রোমান্টিক লং ড্রাইভের সময় গাড়ির তেলের দিকেও খেয়াল রাখুন। অতিরিক্ত সুখের চোটে আবার কাজ করা বন্ধ করে দেবেন না। মনে রাখবেন, ভাগ্য আজ আছে কাল নেই। মিষ্টি কিছু দান করুন অথবা কোনো অভাবী মানুষকে সাহায্য করুন। ভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন