রাফীর ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনের চলচ্চিত্র উৎসবে
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা দেখানো হবে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে’।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকেন। এটি উৎসবের নবম আসর, যা অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।
উৎসবটি নিয়ে রাফী বলেন, “আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।”
এই নির্মাতা আরও জানিয়েছেন, বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে প্রতি বছরই লন্ডনে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত কিছু সিনেমা দেখানো হয়।
ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’ সিনেমা।