‘কাজ শেষের আগেই বিল পরিশোধ’: তদন্তের মধ্যেই আরেক প্রকল্পের পিডি হলেন সওজের প্রকৌশলী
কাজ শেষ না হলেও ঠিকাদারকে বিলের অর্থ দিয়ে দেওয়ার ‘অনিয়মের’ অভিযোগের তদন্ত চলার মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে আরেকটি প্রকল্পের পরিচালক করা হয়েছে।
বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ‘কর্তব্যে অবহেলার’ প্রমাণ পাওয়ার পর ‘গুরুদণ্ড আরোপযোগ্য অপরাধের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। ওই মামলা নিষ্পত্তি হওয়ার আগে তাকে অন্য একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) করায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্য কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। তবে তাদের কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি।
পিডির দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা হলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী। ময়মনসিংহ সড়ক জোনের এ প্রকৌশলীকে ২ মার্চ ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়।
এর আগে কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থাকাকালে (২০২০ থেকে ২০২২ সাল) তার বিরুদ্ধে ‘নবীনগর-শিবপুর-রাধিকা, আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন’ (আর-২০৩) প্রকল্পে ‘কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো টাকা ও জামানত ফেরত’ দেওয়ার অভিযোগ ওঠে। তখন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং পরে বিভাগীয় মামলা করা হয়।
এ মামলা চলার মধ্যেই তাকে নতুন একটি প্রকল্পের পিডি করার অফিস আদেশ দেওয়া হয় ২ মার্চ, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সই করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংস্থাপন-১ শাখার উপসচিব তাসলিমা আহমেদ পলি।