ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের, জবাব দেওয়ার হুমকি তেহরানের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করেছে। আর এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশের বন্দরগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে আর একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় কিছুটা অগ্রগতিও হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সংঘাত নিরসনের প্রচেষ্টা অব্যাহত আছে।
কিন্তু হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত হওয়ার আশা ফিকে হয়ে যাওয়ায় ব্যারেল প্রতি তেলের মূল্য ফের ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর এবার জলপথটি ঘিরে মার্কিন অবরোধ শুরু হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিঘ্ন আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে আর তারা একটি চুক্তি করতে চাইছে, কিন্তু তেহরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেবে এমন কোনো চুক্তি তিনি অনুমোদন করবেন না।
হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, “ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমরা কোনো দেশকে বিশ্বের সঙ্গে প্রতারণা বা চাঁদাবাজি করতে দিতে পারি না।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমুদ্রবন্দর
- অবরোধ