বিএনপি ক্ষমতায় বসে সবে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসিয়েছে, ফলে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলোতে আশু নির্বাচনের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। তার মধ্যেই পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্য কোনো দলের যখন এ নিয়ে কোনো তৎপরতা নেই, তখন নতুন দলটির প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
সংসদ নির্বাচনে এনসিপির প্রত্যাশামতো ফল না হওয়া নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার মধ্যেই সিটি নির্বাচন ঘিরে আগাম প্রার্থী ঘোষণা নিয়ে দলটির নেতারা বলেন, এর প্রধান কারণ হলো নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখা। এ ছাড়া আগেভাগে প্রার্থী ঘোষণার পেছনে প্রার্থীদের আগেই জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁদের কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সংগঠন গোছানোর বিষয়ও আছে।