সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, শারীরিক অবস্থার অবনিত হলে শনিবার শফিক আহমেদকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।
শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাঁর জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মারা গেছেন
- আইনমন্ত্রী
- সাবেক
- শফিক আহমেদ