রোজ সকালে আদা, মধু ও কালিজিরা খেলে কী হয়? কাদের খাওয়া বারণ?
প্রথম আলো
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯
স্বাস্থ্যকর কোনো চর্চার মাধ্যমে দিন শুরু করতে চান অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট দেখে কেউ হয়ে ওঠেন অতি উৎসাহী। কেউ আবার বহু বছর ধরে পরিচিত উপকরণগুলোকে কাজে লাগাতে চান। এমনই তিনটি উপাদান আদা, মধু ও কালিজিরা।
রোজ সকালে এই তিন উপাদান গ্রহণের উপকারিতা কী? এসব উপাদান কি সব মৌসুমে ও সবার জন্য ভালো? এসব বিষয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরীর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।
উপকার জানা থাক
- আদা, মধু ও কালিজিরা—এই তিন উপাদানই প্রদাহ কমাতে সাহায্য করে। আমাদের রোগ প্রতিরোধক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সকালে এ ধরনের উপাদান গ্রহণ করলে অনেকে সতেজ অনুভব করেন।
- এসব উপাদান গ্রহণে ক্ষুধারও খানিকটা উপশম হয়। পরে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। ওজন কমাতে সহায়তা করতে পারে এসব উপাদান। তবে মনে রাখতে হবে, এগুলো কখনোই নাশতা বা মূল খাবারের বিকল্প নয়।
- আদা ও কালিজিরা হজমে সহায়তা করে। এই দুই উপকরণেই অ্যাসিডিটির প্রবণতা কমে। চুল ও ত্বকের জন্যও কালিজিরা ভালো। মাসিকের ব্যথা প্রশমনে কাজে আসে আদা।
- মধু অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে। দেহকে ভেতর থেকে তরুণ রাখতে সাহায্য করে মধু। ত্বকের সতেজতা বজায় রাখতেও কাজে আসে মধু।
তবে সত্যিই কি প্রয়োজন
- আমাদের দেশে সাধারণত যে ধরনের খাবার রান্না করা হয়, সেগুলোয় আদার ব্যবহার হয় বেশ। তাই এর উপকার পেতে আলাদাভাবে রোজ আদা গ্রহণ না করলেও ক্ষতি নেই।
- কালিজিরাও খাওয়া হয় নানাভাবে। আচার বা চাটনির মতো পদেও অনেক সময় কালিজিরা দেওয়া হয়। তাই এটিও যে রোজই আলাদাভাবে খেতে হবে, তেমনটা নয়।
- মৌসুমভেদে উপযোগিতার দিকটাও খেয়াল রাখা প্রয়োজন। মধু আমাদের দেহে তাপ ধরে রাখতে সাহায্য করে। গরমের সময় মধু খেলে তাই বেশি গরম লাগতে পারে।
- বরং মধু খেলে শীতের সময় আরাম পাবেন। তা ছাড়া শীতকালে ও মৌসুম পরিবর্তনের সময় ঠান্ডা–কাশির মতো সমস্যায়ও কাজে আসে মধু।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্যকর খাবার