রেলিং বেয়ে ২৭ থেকে ২১ তলায় ৮৯ বছরের বৃদ্ধা
চীনে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যা দেখে খোদ উদ্ধারকর্মীরাও হতভম্ব হয়ে গেছেন। ৮৯ বছর বয়সী এক বৃদ্ধা একটি বহুতল ভবনের বাইরের রেলিং বেয়ে ২৭ তলা থেকে ২১ তলা পর্যন্ত নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও আলোচনার ঝড় তুলেছে।
এই বৃদ্ধা (যাঁর নাম প্রকাশ করা হয়নি) চীনের রাজধানী বেইজিংয়ের একটি আবাসিক ভবনের ২৭ তলায় একা থাকেন। ১ এপ্রিল বিকেলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি নিজের শোবার ঘরে আটকা পড়েন। দুর্ভাগ্যবশত তাঁর মুঠোফোনটি ছিল বাইরের বসার ঘরে। ফলে কারও সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। দীর্ঘক্ষণ ঘর থেকে বের হওয়ার পথ না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত সাহায্যের জন্য অপেক্ষা না করে তিনি এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। জানালা দিয়ে বাইরে বের হয়ে তিনি ভবনের দেয়ালের এয়ার কন্ডিশনারের (এসি) সুরক্ষা রেলিং ধরে নিচে নামতে শুরু করেন।
নিচে থাকা এক পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী ওপর থেকে আসা ক্ষীণ গোঙানির শুনতে পান। তাঁরা ওপরের দিকে তাকিয়ে দেখেন, একজন বৃদ্ধা ২৬ তলার বাইরের সরু রেলিং আঁকড়ে ধরে কোনোমতে ঝুলে আছেন। দৃশ্যটি দেখে তাঁরা শিউরে ওঠেন এবং দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই ওই বৃদ্ধা ২১ তলায় চলে আসেন। মাটি থেকে তিনি তখনো প্রায় ৫০ মিটার উঁচুতে ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ২১ তলায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা প্রথমে বৃদ্ধাকে একটি মজবুত নিরাপত্তা রশি দিয়ে বাঁধেন। এরপর রেলিংয়ের কিছু অংশ কেটে তাঁকে এসির প্ল্যাটফর্মে বসার জায়গা করে দেন। সেখানে তাঁকে পানি পান করানো হয় ও ঠান্ডা থেকে বাঁচতে একটি জ্যাকেট দেওয়া হয়। প্রায় ২০ মিনিট বিশ্রামের পর উদ্ধারকর্মীরা স্ট্রেচারের সাহায্যে একটি অস্থায়ী ব্রিজ বানিয়ে তাঁকে জানালা দিয়ে ঘরের ভেতর নিরাপদ স্থানে নিয়ে আসেন।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র অভিজ্ঞতা
- বহুতল ভবনে আগুন