চট্টগ্রাম থেকে মনোনয়নের দৌড়ে যেসব বিএনপি নেত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ। এসব আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির অনেক নেত্রী।
নির্বাচনে চট্টগ্রামের একাধিক আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা বিএনপির নেত্রীরা। কিন্তু দল থেকে মনোনয়ন পাননি। দলীয় সিদ্ধান্ত মেনে তারা দলীয় প্রার্থীর হয়ে কাজ করেছেন। তবে সংরক্ষিত আসনে এবার এমপি হতে চান বিএনপির এমন ত্যাগী ও কারা নির্যাতিত নেত্রীরা।
এরমধ্যে চট্টগ্রামের এক ডজন নেত্রী সংসদ-সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা দলীয় হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। লবিং-তদবির করতে অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন।
মনোনয়ন দৌড়ে থাকা উল্লেখযোগ্যরা হলেন-ব্যারিস্টার শাকিলা ফারজানা, ডা. কামরুন্নাহার দস্তগীর, মোসাম্মৎ শাহনেওয়াজ চৌধুরী, ফাতেমা বাদশা, জেলি চৌধুরী, মেহেরুন্নেছা নার্গিস, ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভীন প্রমুখ। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।