শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ব্যবধানে নির্বাচিত
জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বিপুল ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, তিনবারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
তিনি পোস্টাল ভোটসহ মোট ১২৮টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এ ছাড়া অপর প্রার্থী বাসদ মনোনীত মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। এই আসনে মোট ভোট পড়েছে ৫২.১৯ শতাংশ। বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট।
এদিকে এক সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তুলে বেলা সোয়া ৩টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এ সময় তিনি কিছু কেন্দ্র থেকে তাঁর এজেন্ট বের করে দেওয়া, হুমকিসহ জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন।