বগুড়া–৬ উপনির্বাচন: ৭ কেন্দ্রের ফলাফলে ২ হাজার ৯৫০ ভোটে এগিয়ে বিএনপির বাদশা

প্রথম আলো বগুড়া জেলা প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

বগুড়া–৬ আসনের উপনির্বাচনের সাতটি কেন্দ্রের ফলাফলে ২ হাজার ৯৫০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রের ভোটের হিসাব পাওয়া গেছে। এতে দেখা গেছে, বিএনপির প্রার্থী রেজাউল করিম ৪ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৭৫৪ ভোট।


এর আগে আজ সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। চলে টানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সারা দিনের ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ, তবে ভোটার উপস্থিতি কম ছিল। দিন শেষে অবশ্য নির্বাচন কমিশন থেকে ৪৩ শতাংশ ভোট পড়ার কথা জানানো হয়েছে।


বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে।


এদিকে উপনির্বাচন ঘিরে দিনভর নানা অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান (সোহেল)। দুপুরে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা বিএনপির পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন। ফলে মাগুরার মতো বগুড়া–৬–এ একটি প্রহসনের উপনির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও