পাম্পে থাকছেন না ‘ট্যাগ অফিসার’, তেল বিতরণে সেই বিশৃঙ্খলা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও ভোক্তা পর্যায়ে শৃঙ্খলা নিশ্চিতে তেলের পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম মহানগরে ৬২ জন ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের উপস্থিতির প্রমাণ মিলছে না অধিকাংশ পাম্পে। ফলে পাম্পে চলছে আগের মতোই বিশৃঙ্খলা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়। এর আগে মঙ্গল ও বুধবার নগরের নতুনব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, অক্সিজেন, ডবলমুরিং, নাসিরাবাদ, গণি বেকারি মোড়সহ বিভিন্ন এলাকার একাধিক পেট্রোল পাম্প ঘুরেও দেখা যায় একই চিত্র।
কোথাও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি পাওয়া যায়নি। কোনো পাম্পে হাজিরা দিয়ে চলে গেছেন, কোনো পাম্পে একেবারেই অনুপস্থিত ছিলেন। অধিকাংশ পাম্পে বিক্রয় কার্যক্রমে কোনো দৃশ্যমান তদারকি চোখে পড়েনি। ফলে আগের মতোই বিশৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে তেল।
পরে কথা বলে জানা যায়, বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা চলে গেছেন। আবার কেউ অসুস্থতা, কেউ কাজের বাহানা দিয়ে তেল দেওয়া শুরু করে দিয়ে চলে গেছেন।