সাপ্তাহিক বাজারে খরচ কমানোর উপায়
বাজেটের একটি বড় অংশ দখলে থাকে খাবারের খরচ। আবার ছোট ছোট ভুল সিদ্ধান্তে হিসাবের টাকা নষ্ট হয়ে যায়।
তাই পরিকল্পনা ছাড়া বাজার করা, প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা বা খাবার নষ্ট হওয়া— এসব মিলেই মাস শেষে বড় অঙ্কের খরচের তালিকা সামনে আসে।
এক্ষেত্রে কিছু সচেতন অভ্যাসে খরচ অনেকটাই কমানো যায়।
হিমায়িত সবজি ও ফলের ব্যবহার
সব সময়ে টাটকা সবজি ও ফল কেনা ভালো এমন নয়। হিমায়িত করা ফল ও সবজি অনেক সময় বেশি কার্যকর হতে পারে।
কারণ এগুলো বাজার থেকে সংগ্রহের পরপরই ফ্রিজে সংরক্ষণ করা হয়, ফলে পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।
“পাশাপাশি এগুলো দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে যেসব ফল দ্রুত পচে যায়, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি টাকা সাশ্রয়ে সাহায্য করে”- বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।
পরিকল্পিত খাবার তালিকা
“সাপ্তাহিক খাবারের পরিকল্পনা করাও কার্যকর অভ্যাস। এতে প্রতিদিনের রান্না আগে থেকেই নির্ধারিত থাকে, ফলে অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা কমে”- বলেন, এই বিশেষজ্ঞ।
একই ধরনের উপকরণ ব্যবহার করে কয়েকটি খাবার পরিকল্পনা করলে সেই উপকরণ নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।
ছয়-এক নিয়মের সহজ কৌশল
বিস্তারিত পরিকল্পনা করতে না চাইলে একটি সহজ নিয়ম অনুসরণ করা যেতে পারে। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় সবজি, ফল, প্রোটিন, শর্করা, সস এবং একটি নতুন খাবার কেনা হয়।
এই পদ্ধতি বাজারকে সুষম করে এবং অপ্রয়োজনীয় খরচ কমায়। একই সঙ্গে এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তেও সহায়ক।
- ট্যাগ:
- লাইফ
- কমানোর উপায়
- বাজার খরচ