সৌদির মার্কিন দূতাবাসের ভেতর সিআইএ স্টেশনে যেভাবে হামলা চালিয়েছিল ইরান
প্রথম ড্রোনটি আঘাত হানে রাত দেড়টার দিকে। এতে সৃষ্ট গর্ত দিয়ে ৬০ সেকেন্ড পর ভেতরে ঢুকে পড়ে আরেকটি ড্রোন, তারপর ‘বুম’।
কাণ্ড যখন পুরোপুরি শেষ হয় ততক্ষণে রিয়াদে মার্কিন দূতাবাসের তিনটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, চুরমার হয়ে গেছে ভেতরে থাকা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র স্টেশনও।
গণমাধ্যমগুলোর খবর বলছে, গত ৩ মার্চ একটি ইরানি ড্রোন কূটনৈতিক এলাকার কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এড়িয়ে রিয়াদের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ঢুকে পড়ে। মিনিটখানেক পর একই পথ ধরে ভেতরে গিয়ে বিস্ফোরিত হয় আরেকটি ড্রোন।
এই হামলায় ছোটখাট আগুন লেগেছে এবং খুবই সীমিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরে জানায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন করেছে তাতে মিলছে উল্টো চিত্র।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ গণমাধ্যম বলছে, আগুন আধা দিন ধরে জ্বলেছিল এবং দূতাবাসের কিছু অংশের এমন ক্ষতি হয়েছে যা আর মেরামত করা যাবে না।
দূতাবাস ভবনের একটি সুরক্ষিত অংশ ভেদ করে সিআইএ স্টেশনে আঘাত হানার এ ঘটনা ইরানের গোয়েন্দা সক্ষমতার প্রমাণ দিচ্ছে।