সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৪৮১ জন অমুক্তিযোদ্ধার (ভুয়া মুক্তিযোদ্ধা) গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।
রবিবার (৫ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য মো. আব্দুল মালিকের (সিলেট-৩) ৭১ বিধিতে দেওয়া নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
নোটিশে সংসদ সদস্য আব্দুল মালিক অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছেন এবং অসাধু ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় এ ধরনের অনিয়মের প্রভাব বেশি পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জবাবে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।