শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দৌড়ঝাঁপে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে দুই উপজেলা। ভোটারদের মন জয়ে চলছে ব্যাপক প্রচারণা, দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। অন্যদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ফলে এ আসনকে ঘিরে এখন সারা দেশের মানুষের দৃষ্টি।
গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও তার আগেই ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বাদলের অসুস্থতাজনিত মৃত্যু হওয়ায় এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরে পুনঃতফসিল ঘোষণা করে যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীকে চূড়ান্ত করে নির্বাচন কমিশন।
প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।
এই নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। উভয় পক্ষই ছাড় দিতে নারাজ, ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।