চীনা ড্রোন ও রাউটারের পর এবার ইলেকট্রনিক সরঞ্জামেও মার্কিন নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে চীনা ইলেকট্রনিক সরঞ্জামের ওপর নজরদারি আরো বাড়াচ্ছে ওয়াশিংটন। ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) শুক্রবার (৩ এপ্রিল) একদল চীনা নির্মাতার সরঞ্জাম আমদানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর ফলে হুয়াওয়ে ও জেডটিই-র মতো বড় কম্পানিগুলো মার্কিন বাজারে আরো চাপের মুখে পড়ল।
২০২১ সাল থেকেই হুয়াওয়ে, জেডটিই, হিকভিশন, হিতেরা ও দাহুয়ার মতো চীনা কম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০২২ সালে এসব কম্পানির নতুন মডেলের অনুমোদন নিষিদ্ধ করা হয়েছিল। এবার এফসিসি মতামত চাইছে যে আগের অনুমোদিত পুরনো মডেলগুলোর আমদানিও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না।
এফসিসি জানিয়েছে, মার্কিন যোগাযোগ খাতের ঝুঁকি কমাতে আগে অনুমোদিত সরঞ্জামগুলোর বিপণন ও আমদানি বন্ধ করা প্রয়োজন। তবে যারা ইতিমধ্যে এই ডিভাইসগুলো কিনে ফেলেছেন, তারা সেগুলোর ব্যবহার চালিয়ে যেতে পারবেন।