পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনায় রাজি নয় ইরান’, যুদ্ধবিরতির চেষ্টা ‘কানাগলিতে’
যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কয়েকটি দেশের চেষ্টা থমকে গেছে বলে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
পাকিস্তানের নেতৃত্বাধীন এ যুদ্ধবিরতি চেষ্টা কার্যত কোনো ফল আনতে পারেনি। আসছে দিনগুলোতে আলোচনার জন্য ইসলামাবাদে কর্মকর্তা পাঠাতে অনাগ্রহের কথা তেহরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়েও দিয়েছে, বলা হয়েছে তাদের প্রতিবেদনে।
যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দাবিগুলোকে ‘অগ্রহণযোগ্য’ও আখ্যা দিয়েছে ইরান; এতে বর্তমান কাঠামোতে আলোচনার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।
কূটনৈতিক এ অচলাবস্থা কাটাতে তুরস্ক ও মিশর এখন ইসলামাবাদের বাইরেও বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে। যুদ্ধবিরতি প্রচেষ্টার যতখানি টিকে আছে তা বাঁচাতে আলোচনার বিকল্প ভেন্যু হিসেবে কাতার, এমনকী ইস্তাম্বুলের নামও উঠে আসছে।
যুদ্ধবিরতির বিনিময়ে তেহরান হরমুজ প্রণালি খুলে দেবে—এমন সম্ভাব্য এক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে বলে এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথাও বলেছেন বলে জানিয়েছে তারা।