দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪২

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তবে ২০২৪ সালে দেশে যতটা গরম পড়েছিল বা যেভাবে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল, এবার তা না–ও হতে পারে।


আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। গতকাল রাজধানীতেও তাপমাত্রা বেড়ে গেছে আগের দিনের চেয়ে। তবে আজ শরীয়তপুরসহ দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানীর কাছাকাছি কয়েকটি এলাকাতেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।


সূত্র জানিয়েছে, গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সর্বত্র এবং ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়।


রাজশাহী ও খুলনা বিভাগে মোট জেলার সংখ্যা ১৮। এর সঙ্গে ৯ জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। ঢাকা ছাড়া বাকি যে আট জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে, সেই জেলাগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।


যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও