গরম কতদিন থাকবে? বৃষ্টি হবে কবে?
হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ছে জনজীবনে। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এসে গরমে হাঁসফাঁস করছে সারাদেশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতি বছরের এপ্রিলে তাপমাত্রা বেশি থাকে। জলবায়ুগতভাবেই এপ্রিলে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকে। আর বৃষ্টি না থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।'
তাপপ্রবাহ কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা আশা করছি আজ, কাল ও পরশুদিন পর্যন্ত এই মৃদু-মাঝারি তাপপ্রবাহ থাকবে। পরশু থেকেই কিছুটা কমে যেতে পারে। পরশুর পরদিন তাপপ্রবাহ থাকবে না আশা করি।'
বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, তাপমাত্রা কমে আসার পর আগামী সোম-মঙ্গলবারের দিকে ঢাকাসহ সারা দেশেই বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আর সিলেটে রোববারের দিকে বৃষ্টি হতে পারে। যেহেতু এখন কালবৈশাখীর মৌসুম, বৃষ্টির পরপরই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে, তাপপ্রবাহের মধ্যে তীব্র গরমে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।