আইপিএল খেলার অনুমতি না পেয়ে আইনি পদক্ষেপ নিলেন থুসারা
যুগান্তর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ২০:৫৩
শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা আইপিএলে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাননি, যা নিয়ে তিনি প্রকাশ্যে বিতর্ক তৈরি করেছেন। অনুমতি না পাওয়ায় থুসারা এসএলসির বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, থুসারা কলম্বো জেলা আদালতে মামলা করেছেন। তার অভিযোগ, অন্যায়ভাবে তাকে এনওসি দেয়া হয়নি, যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে আইপিএলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভা ও বোর্ডের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। তিনি আদালতের কাছে দুটি নির্দেশ চেয়েছেন—একটি হলো তাকে আইপিএলে অংশগ্রহণের জন্য বাধ্যতামূলকভাবে এনওসি দেওয়া এবং আরেকটি হলো তিনি এই এনওসির অধিকারী বলে ঘোষণা করা।