এআই দিয়ে তৈরি আধেয় নিষিদ্ধ করল উইকিপিডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়। আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র, পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারলেও সেগুলোতে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আর তাই এবার এআই দিয়ে তৈরি আধেয় (কনটেন্ট) নিজেদের ওয়েবসাইটে নিষিদ্ধ করেছে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা উইকিপিডিয়ার প্রায় ২ লাখ ৬০ হাজার স্বেচ্ছাসেবক সম্পাদক এআইয়ের মাধ্যমে এক ভাষায় লেখা নিবন্ধ অন্য ভাষায় অনুবাদ করতে বা সম্পাদনার জন্য বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। তবে সেগুলো অবশ্যই মানুষের মাধ্যমে পর্যালোচনার পর প্রকাশের অনুমোদন দেওয়া হবে।
উইকিপিডিয়ার তথ্যমতে, এআই চ্যাটবটগুলো তথাকথিত ‘বিভ্রম’-এর শিকার হয়ে মনগড়া তথ্য, অকার্যকর লিংক ও রেফারেন্স প্রদান করতে পারে। আর তাই এআইয়ের সহায়তায় লেখাগুলো প্রায়ই সাইটটির মূল নীতিগুলো লঙ্ঘন করে, যার মধ্যে যাচাইযোগ্যতা ও নিরপেক্ষতার কঠোর মানদণ্ডও রয়েছে।