জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সংসদে বিল পাস হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি তথা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থান চলাকালে পুলিশের পোশাক পরে যেসব সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। সংসদে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদে’ আমরা অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।’