বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’, সংবাদ থামাতে ‘টাকা অফার’
ফেরিঘাটে পারাপার মানেই ছিল ডিম-পরোটা ভাজার ঘ্রাণ, হকারদের ‘এই ঝালমুড়ি’, ‘ডিম গরম ডিম’, 'ডাব আছে ডাব', লাগবে ছোটদের-বড়দের বই’ এমন হাঁকডাক। গত কয়েক দিনে সেই ‘ফেরি পারাপার’ শব্দটি হয়ে উঠেছে আতঙ্কের।
যাত্রী ঘাটে গাড়ি ভেড়ার সঙ্গে সঙ্গেই নেমে যাচ্ছেন। গাড়ি ফেরিতে ভালোভাবে পার্কিং করার পর উঠছেন কিংবা পার হওয়ার পর চড়ছেন গাড়িতে। বাসসহ পন্টুন থেকে নদীতে পড়ে ২৬ জনের সলিল সমাধির ট্রমা কাটছে না। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়।
মর্মান্তিক এ দুর্ঘটনা কীভাবে ঘটলো, কার ভুল ছিল, কেন এড়ানো গেলো না প্রভৃতি বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল জাগো নিউজ। এবার এ দুর্ঘটনার ‘দায়’ নিয়ে অনুসন্ধানে বেরিয়ে এলো আরও নতুন তথ্য।
বিআইডব্লিউটিসির অবহেলা?
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) টার্মিনাল সুপারিনটেনডেন্ট (টিএস) পদে কর্মরতদের কাজ কোন ফেরি কোন ঘাটে ভিড়বে এবং ফেরি থেকে গাড়ি আনলোড হওয়ার পর জিরো পয়েন্ট থেকে সিরিয়ালি গাড়িগুলো ফেরিতে ওঠানোর ব্যবস্থা করা। সহজ কথায় ফেরিতে গাড়ি ওঠা-নামা দেখভাল করা।