হামের ছোবলে দিশেহারা দেশ : শিশু হাসপাতালে আইসিইউ সংকটে বিপন্ন শৈশব!
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমশ মহামারির রূপ ধারণ করছে। রাজধানীসহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এই সংক্রামক রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ রোগীর চাপে হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে, রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত কয়েক দিনে জ্যামিতিক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আইসিইউ ও পিআইসিইউর তীব্র সংকটের কারণে অনেক শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে টিকাদান কর্মসূচির ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত কয়েক দিন ধরে জ্যামিতিক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে সেখানে ৩৭ জন আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক শিশু।
হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়া অধিকাংশ শিশুর বয়স নয় মাসের কম। অনেক রোগীরই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) প্রয়োজন হলেও আলাদা ব্যবস্থা না থাকায় কাউকেই আইসিইউ সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। আইসিইউ ও পিআইসিইউর জন্য সিরিয়াল দেওয়া হলেও কবে নাগাদ সুযোগ মিলবে— তা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকেরা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্রাদুর্ভাব
- হাম রোগ